Saturday, September 19, 2026
PrimeBulletin

Bangladesh

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় (ইউএনওডিসি) এবং ইন্টারপোলের যৌথ আয়োজনে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা-তে অনুষ্ঠিত হতে যাওয়া দুদিনব্যাপী ‘গ্লোবাল ফ্রড সামিট ২০২৬’-এ অংশ নিতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

রোববার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সামিট আগামী ১৬ ও ১৭ মার্চ ভিয়েনা আন্তর্জাতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সামিটে তিনি উদ্বোধনী ও প্লেনারি সেশনে অংশগ্রহণের পাশাপাশি ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক রাউন্ড টেবিল বৈঠক এবং ‘জালিয়াতি মোকাবিলায় জাতীয় প্রতিশ্রুতি’ শীর্ষক বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেবেন। এছাড়া, ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী ১৫ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ET-679 ফ্লাইটে ভিয়েনার উদ্দেশে ঢাকা ছাড়বেন। সামিট শেষে তিনি ২০ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের TK-712 ফ্লাইটে ঢাকায় ফিরবেন।

More